ঢাকা, ১২ নভেম্বর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : দীর্ঘ দুই যুগেরও বেশি সময়ের বন্ধুত্বের সম্পর্ক। সেই বিশ্বাস ও ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে ব্যবসার কথা বলে নগদ টাকা ধার এবং বসতভিটার জমি বিক্রির অর্থসহ প্রায় ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, টাকা ও জমির অর্থ নেওয়ার পর স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন অভিযুক্ত ইসরাফিল শেখ (৪২)। এ ঘটনায় দিঘলিয়া থানায় অভিযোগ এবং একটি মানবাধিকার সংস্থার কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী নজরুল ইসলাম সর্দার।
অভিযুক্ত ইসরাফিল শেখ খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মহিষদিয়া গ্রামের মৃত কুদ্দুস শেখের ছেলে। আর ভুক্তভোগী নজরুল ইসলাম সর্দার একই ইউনিয়নের পারা চন্দনপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক ছিল। দুজনই গাজীরহাট বাজারে স্থায়ী দোকানে সারসহ বিভিন্ন পণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
থানায় দায়ের করা অভিযোগ ও মানবাধিকার সংস্থায় দেওয়া আবেদনের সূত্রে জানা যায়, বন্ধুত্বের সম্পর্কের সুবাদে ব্যবসার প্রয়োজনে নজরুল ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নেন ইসরাফিল। এ ছাড়া নজরুলের ১০ শতাংশ ভিটাবাড়ির জমি নিজের নামে দিঘলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে কবলা দলিল করে নেন। কথা ছিল, বাড়িতে গিয়ে জমির মূল্য পরিশোধ করবেন। কিন্তু অভিযোগ অনুযায়ী, জমির মূল্য পরিশোধ না করেই পরবর্তী সময়ে ওই জমি অন্যত্র বিক্রি করে দেন তিনি।
ভুক্তভোগী নজরুল ইসলাম সর্দার জানান, বন্ধুর ব্যবসায়িক প্রয়োজনে অর্থ জোগাতে নিজের বসতভিটা বারাকপুর কৃষি ব্যাংকে বন্ধক রেখে তিন লাখ টাকা ঋণ নিয়েও ইসরাফিলকে দিয়েছিলেন। দীর্ঘদিনের বন্ধুত্ব ও ভালোবাসার কারণে তিনি কোনো ধরনের সন্দেহ করেননি। কিন্তু তাঁর সঙ্গে এমন আচরণ করা হবে, তা কখনো কল্পনাও করেননি বলে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসরাফিল তাঁর বসতভিটা বিক্রি করে স্ত্রী ও দুই কন্যাসন্তানকে নিয়ে এলাকা ছেড়ে খুলনা শহরে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে। পাওনা টাকা চাইলে মুঠোফোনে বিভিন্ন সময় আজ-কাল করে ঘোরানোর অভিযোগ করেছেন নজরুল। অনেক সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় বলেও জানান ভুক্তভোগী।
নজরুলের অভিযোগ, শুধু তাঁর কাছেই নয়, ইসরাফিলের কাছে এলাকার আরও কয়েকজন ব্যক্তি টাকা পাবেন। তাঁদের সঙ্গেও আর্থিক লেনদেনের বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা রয়েছে।
ভুক্তভোগী নজরুল ইসলাম সর্দার তাঁর পাওনা টাকা ও জমির বিক্রয়মূল্য উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত ব্যক্তি যেন দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইসরাফিল শেখের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং অর্থ ও জমিসংক্রান্ত বিরোধের প্রকৃত অবস্থা তদন্তসাপেক্ষ।
Related News :

খুলনায় আবারও বিকৃত করা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা



