দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা

ঢাকা, ১৭ নভেম্বর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : খুলনার দিঘলিয়া উপজেলায় দ্রুতগতিতে এগিয়ে চলছে সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও পারিবারিক জরিপ। উপজেলার ছয়টি ইউনিয়নে পর্যায়ক্রমে পরিচালিত এ কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করছেন তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা। জরিপে কোনো যোগ্য পরিবার যেন বাদ না পড়ে, সে লক্ষ্যেই প্রতিটি পরিবারের তথ্য যাচাই-বাছাই করে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে।

সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, তথ্যসংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র, শিশুদের জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন। পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থা, সদস্যসংখ্যা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়েও তথ্য নেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে ফ্যামিলি কার্ড সম্পর্কে ধারণা না থাকায় পরিবারের সদস্যদের এর উদ্দেশ্য ও কার্যক্রম বুঝিয়ে বলছেন তারা। কেউ তথ্য দিতে অনীহা প্রকাশ করলে তাদের উদ্বুদ্ধ করারও চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্মীরা।

সেনহাটী ইউনিয়নের জরিপ সুপারভাইজার আবিদ আজাদ বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অতিদরিদ্র, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের নারীপ্রধানদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী এ জরিপ কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় সেনহাটী ইউনিয়নে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোনো পরিবার যেন জরিপ থেকে বাদ না পড়ে, সে জন্য যথাসম্ভব নিখুঁত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তারা।

দিঘলিয়া ইউনিয়নের জরিপ সুপারভাইজার মেহেদী হাসান বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। অনেকেই এ কার্ডের উদ্দেশ্য ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানেন না। তাদের বিষয়টি বুঝিয়ে বলা হচ্ছে। মাঠপর্যায়ে নিয়োজিত তথ্যসংগ্রহকারীরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য সংগ্রহে সবাই যথেষ্ট পরিশ্রম করছেন।

তবে জরিপ পরিচালনায় কিছু বাস্তব সমস্যার কথাও জানিয়েছেন মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারীরা। তাদের ভাষ্য, অনেক সময় একই বাড়িতে একাধিকবার যেতে হচ্ছে। বিশেষ করে পরিবারের নারীপ্রধান বাড়িতে না থাকা কিংবা পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র ও শিশুদের জন্মনিবন্ধনের প্রয়োজনীয় তথ্য একসঙ্গে দিতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে এবং জরিপের কাজে কিছুটা বিলম্ব হচ্ছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ৬৭ জন তথ্যসংগ্রহকারী ও ৬জন সুপারভাইজারকে প্রশিক্ষণ দিয়ে মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে গাজীরহাট, বারাকপুর ও আড়ংঘাটা ইউনিয়নে জরিপ শুরু হয়। পরে গত ১১ নভেম্বর থেকে দিঘলিয়া, সেনহাটী ও যোগীপোল ইউনিয়নেও তথ্য সংগ্রহের কাজ শুরু করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহাগ হোসেন বলেন, ফ্যামিলি কার্ড মূলত অতিদরিদ্র, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের নারীপ্রধানদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারের একটি সামাজিক সুরক্ষা কর্মসূচি। এ কার্ডের মাধ্যমে নির্ধারিত নীতিমালার আলোকে যোগ্য পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তবে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে জরিপের মাধ্যমে প্রতিটি পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করা হবে।

তিনি আরও বলেন, জরিপের তথ্যের ভিত্তিতেই পরবর্তী সময়ে উপকারভোগী নির্বাচনের কার্যক্রম পরিচালিত হবে। এ কারণে তথ্যসংগ্রহকারীদের প্রকৃত অবস্থা যাচাই করে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে। জরিপের কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনো যোগ্য পরিবার যেন বাদ না পড়ে এবং কোনো অযোগ্য পরিবার যেন তালিকাভুক্ত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য ও জরিপের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Related News :

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

খুলনায় সন্ত্রাস দমনে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

সাতক্ষীরায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

জায়গা বদলেও শেষ রক্ষা হয়নি : আট মাস পর কয়রার অপহৃত  স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

জায়গা বদলেও শেষ রক্ষা হয়নি : আট মাস পর কয়রার অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×