ঢাকা, ১৪ নভেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে করা এ মামলায় তাকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। ১৪ নভেম্বর (শনিবার) দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) মামলাটি করেন।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। (শনিবার) সন্ধ্যা ছয়টার দিকে তিনি জানান, আবদুল হালিমের বিরুদ্ধে করা মামলাটি দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী তদন্ত করবেন। মহসীন চৌধুরীও মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে নিয়ে সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। পরে আবদুল হালিম ওই জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ বাদীর।
এজাহার অনুযায়ী, এ বিরোধের জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাব ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করা হয়। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয়। এ ছাড়া ঘর থেকে তিনটি খাট, ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
বাদী এজাহারে আরও উল্লেখ করেছেন, ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে ১৬ সেপ্টেম্বর আবদুল হালিম উল্টো তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারে যেতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম জমিটি দখল করেছেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হলে তিনি পরিবার নিয়ে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন বলে এজাহারে দাবি করেছেন।
এজাহারে বলা হয়েছে, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। এ কারণে আতঙ্কিত হয়ে থানায় মামলা করেছেন। হামলার পর ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন মামলা করতে পারেননি বলেও উল্লেখ করেছেন তিনি।
মামলার বাদী ইদ্রিস আলী বলেন, আবদুল হালিমের ভাইদের কাছ থেকে জমি কিনেছিলেন তিনি। জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। গত বছরের ঘটনার বিষয়ে থানায় মামলা করেছেন বলেও জানান তিনি।
অন্যদিকে, মামলার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন আবদুল হালিম। তিনি বলেন, ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় অনেকের সঙ্গে তার বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক বলে জানেন। ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। কারও প্ররোচনায় ইদ্রিস আলী এখন মামলা করে থাকতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
Related News :

খুলনায় আবারও বিকৃত করা হলো রবীন্দ্রনাথের প্রতিকৃতি

দিঘলিয়ায় ব্রহ্মগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বিএনপি নেতা হত্যার জেরে অন্তত ১৫-২০ বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

মানুষের মন জয় করেই আলোচনায় রয়েছেন মহারাজপুরে চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

দিঘলিয়ায় উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন সভা অনুষ্ঠিত

কয়রায় বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত

সুন্দরবনে মাটির নিচে পুঁতে রাখা অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দিঘলিয়ায় দ্রুত এগোচ্ছে ফ্যামিলি কার্ডের জরিপ, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহে ব্যস্ত কর্মীরা



