ঢাকা, ১৪ অক্টোবর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের ওপর শিক্ষক কর্তৃক একাডেমিক নিপীড়নের বিচার এবং কাঠামোগত সংস্কারের দাবিতে ৬ দফা দাবিতে মানববন্ধন ও প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’ জাবি শাখা।
নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলন হিসেবে প্রশাসনিক ভবন (রেজিস্ট্রার ভবন) অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। ১৩ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী কাজী মোহাইমিনুল ইসলামের ওপর সংশ্লিষ্ট এক শিক্ষকের একাডেমিক নিপীড়নের তীব্র নিন্দা জানান এবং ঘটনাটির নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সমাবেশে জাবি ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থী প্রতিনিয়ত একাডেমিক ও মানসিক নিপীড়নের শিকার হলেও ফলাফল ও ক্যারিয়ারের ভয়ে মুখ খুলতে সাহস পান না। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করার প্রশ্নে আমরা কোনো ধরনের আপস করব না।’ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং উপাচার্যকে অবরুদ্ধ করা হবে।’
সংগঠনটির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র, কোনো নিপীড়নের স্থান নয়। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব।’
উক্ত কর্মসূচিতে প্রচার সম্পাদক মোহাম্মদ আলী চিশতিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ৬ দফা সংস্কার প্রস্তাব সংবলিত স্মারকলিপি পেশ করেন।
ছাত্রশক্তির প্রস্তাবিত ৬ দফা দাবি-
১. সুনির্দিষ্ট ঘটনার বিচার : ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মোহাইমিনুল ইসলামের ওপর শিক্ষক কর্তৃক নিপীড়নের অভিযোগের নিরপেক্ষ তদন্তপূর্বক দ্রুত বিচার নিশ্চিত করা।
২. নিপীড়নবিরোধী সেল গঠন : শিক্ষার্থীদের হয়রানি, বৈষম্য ও একাডেমিক নিপীড়নের অভিযোগ নিষ্পত্তিতে একটি কার্যকর ও স্বাধীন ‘একাডেমিক নিপীড়নবিরোধী সেল’ গঠন করা।
৩. শিক্ষক মূল্যায়ন পদ্ধতি : শিক্ষার্থীদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে নিয়মিত শিক্ষক মূল্যায়ন পদ্ধতি (Teacher Evaluation System) চালু করা।
৪. খাতা পুনর্মূল্যায়ন : টিউটোরিয়াল, মিডটার্ম এবং চূড়ান্ত পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের (Re-evaluation) স্বচ্ছ সুযোগ সৃষ্টি করা।
৫. অভিন্ন মানোন্নয়ন নীতিমালা : বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে অভিন্ন নীতিমালার আওতায় মানোন্নয়ন (Improvement) পরীক্ষার ব্যবস্থা চালু করা।
৬. শিক্ষক নিয়োগে স্বচ্ছতা : শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রার্থীদের পাঠদান দক্ষতা যাচাইয়ে ডেমো ক্লাস (Demo Class) গ্রহণ এবং সেখানে শিক্ষার্থীদের মূল্যায়ন যুক্ত করা।
সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না করা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে ছাত্রশক্তির পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


