ঢাকা, ২১ আগস্ট-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়ায় বিদ্যালয়ের ছুটি হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর একটি বাথরুমের ভেতর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নন্দিনী রায় নামে এক স্কুলছাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। ২০ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় উপজেলার গাজীরহাট হাজী নঈম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের একটি বাথরুম থেকে পাশের ভবনে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা তাকে উদ্ধার করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
নন্দিনী রায় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সে মুক্তিশ্বর রায়ের মেয়ে। বিদ্যালয় সূত্র ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিদ্যালয়ের ছুটি হয়। শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা একে একে বিদ্যালয় ত্যাগ করেন। কিন্তু প্রায় পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভবনে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা বাথরুমের ভেতর থেকে অস্বাভাবিক শব্দ ও গোঙানির মতো আওয়াজ শুনতে পান।
সন্দেহ হলে তারা বাথরুমের কাছে গিয়ে সেটি বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ছাত্রীটিকে পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসক মফিজুর রহমান শাফিনের কাছে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এ সংবাদ লেখা পর্যন্ত সেখানে সে চিকিৎসাধীন রয়েছে।
ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিদ্যালয় ছুটির পর বাথরুমে যাওয়ার সময় পেছন থেকে কেউ তার মাথায় আঘাত করে। পরে অচেতন অবস্থায় তার হাত-পা ও মুখ বেঁধে তাকে বাথরুমে ফেলে রাখা হয়। পরিবারের দাবি, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কাটার চিহ্ন রয়েছে এবং ইনজেকশন দেওয়ার মতো চিহ্নও দেখা গেছে। তবে এসব অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি বাথরুমের কাছে গেলে সেখানে তাকে আঘাত করে অচেতন করার পর মুখে টেপ লাগিয়ে হাত-পা বেঁধে রাখা হয়ে থাকতে পারে। ওসি আরও জানান, পরে জ্ঞান ফেরার পর ছাত্রীটি বাথরুমের ভেতর থেকে শব্দ করতে থাকে। সেই শব্দই নির্মাণ শ্রমিকদের কানে পৌঁছায়। তাদের তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রীটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। তবে হামলাকারীদের কাউকে সে দেখেনি বা চিনতে পারেনি বলে জানিয়েছে। ঘটনার পেছনে কয়েক বছর আগে তার বাবার একটি এনজিও পরিচালনার সময়কার টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ছাত্রীর সঙ্গে কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণে প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। বিদ্যালয় ও আশপাশের এলাকায় শিক্ষক-কর্মচারী, নির্মাণশ্রমিক এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হচ্ছে। খবর পেয়ে দিঘলিয়ার মাঝিরগাতী পুলিশ ফাঁড়ির সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রমে অংশ নেন।
ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম বলেন, কারা, কী উদ্দেশ্যে এবং কীভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটির সব দিক গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


