ঢাকা, ২১ নভেম্বর-২০২৬
চীফ রিপোর্টার : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক নিরাপত্তা জোরদারে প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং নিরাপত্তা তল্লাশি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোঃ হেমায়েত উদ্দিন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আদালত প্রাঙ্গণের প্রবেশ ও বহির্গমন গেট নিয়ন্ত্রণ, পরিচয়পত্র যাচাই এবং প্রবেশপথে নিয়মিত নিরাপত্তা তল্লাশি ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
নতুন নির্দেশনা অনুযায়ী, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ ও বহির্গমনের জন্য শুধু মাজার গেট এবং বার কাউন্সিল ভবনসংলগ্ন আউটার গেট ব্যবহার করতে হবে। ন্যায় সরণি গেট দিয়ে শুধু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের হওয়া যাবে। অর্থাৎ, এ গেট দিয়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না। এ ছাড়া প্রশাসনিক জামে মসজিদসংলগ্ন গেট সার্বক্ষণিক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশের সময় আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রবেশপথে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা চাইলে তা প্রদর্শন করতে হবে। পাশাপাশি প্রবেশপথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনে আগত ব্যক্তিদের তল্লাশি করতে পারবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ বার কাউন্সিল এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে।
Related News :

ছাত্রলীগের ‘লকডাউন’ ঘিরে রাতভর জাবির প্রবেশপথে ছাত্রদলের পাহারা

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিসংযোগ

আইনজীবীর ওপর হামলা : সংসদে যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি

জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ

গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম

রাজধানীর রূপনগর থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪

চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

গোপালগঞ্জে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের



