ঢাকা, ১৪ অক্টোবর-২০২৬
ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়েক দিন বাকি। দেবী দুর্গার আগমনকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি পালপাড়ার মৃৎশিল্পীরা। কারও হাতে কাদামাটির পিণ্ড, কেউ তৈরি করছেন দেবী দুর্গার অবয়ব, আবার কেউ ব্যস্ত প্রতিমায় রং ও সাজসজ্জার কাজ নিয়ে। দিন-রাত পরিশ্রম করে নির্ধারিত সময়ে প্রতিমা তৈরির কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। তবে উৎসব ঘিরে কর্মব্যস্ততা বাড়লেও কাঁচামাল ও রংয়ের দাম বৃদ্ধির কারণে প্রত্যাশিত লাভ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন এই শিল্পীরা।
দিঘলিয়া উপজেলায় এ বছর ৬১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের প্রতিমা তৈরির পাশাপাশি মাটির বিভিন্ন সামগ্রী নির্মাণেও ব্যস্ত সেনহাটি পালপাড়ার কারিগররা। কোনো বাড়িতে চলছে প্রতিমার কাঠামো তৈরির কাজ, কোথাও মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, আবার কোনো কোনো প্রতিমায় চলছে রংতুলির শেষ আঁচড়। দেবী দুর্গার পাশাপাশি গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমা তৈরিতেও ব্যস্ত তাঁরা।
পালপাড়ার মৃৎশিল্পীদের হাতের নিপুণ ছোঁয়ায় ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে প্রতিমাগুলো। মাটির সঙ্গে খড়, বাঁশ ও অন্যান্য উপকরণের সমন্বয়ে তৈরি হচ্ছে দেবদেবীর অবয়ব। কিন্তু এই শিল্পকর্মের আড়ালে রয়েছে বাড়তি উৎপাদন খরচ, সীমিত অর্ডার এবং ন্যায্য পারিশ্রমিক না পাওয়ার উদ্বেগ। মাটির সামগ্রী তৈরি করেও মিলছে না কাঙ্ক্ষিত লাভ।
সেনহাটি পালপাড়ার কারিগর সুমীর চন্দ্র পাল জানান, গত বছরের তুলনায় এ বছর মাটির সামগ্রী তৈরিতে খরচ বেড়েছে। অথচ সেই অনুপাতে বিক্রয়মূল্য বাড়েনি। ফলে দিনভর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত লাভের মুখ দেখা কঠিন হয়ে পড়েছে।
তিনি মাটি দিয়ে প্রায় ৩২ ধরনের ফলমূল ও শাকসবজির প্রতিরূপ তৈরি করেন। এসবের মধ্যে রয়েছে রসুন, ঝিঙা, বেগুন, আপেল, বেল, আম, টমেটো, স্ট্রবেরি, লিচু, কলা, কামরাঙা, করলা, পটল, ডাব ও নারকেলসহ বিভিন্ন সামগ্রী। তাঁর তৈরি এসব পণ্য খুলনার নিউমার্কেট, ফুলতলা ও বিভিন্ন হাটবাজারের পাশাপাশি বগুড়ার পালপাড়া এলাকাতেও সরবরাহ করা হয়।
একই এলাকার মৃৎশিল্পী সত্য পাল তৈরি করেন কলস, চুলা, পাটা, হাঁড়ি, কুলা ও জগসহ দৈনন্দিন ব্যবহারের বিভিন্ন মাটির সামগ্রী। পাশাপাশি দুর্গাপ্রতিমা তৈরির কাজেও যুক্ত রয়েছেন তিনি। বংশপরম্পরায় শেখা এই শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহের পাশাপাশি ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন।
মৃৎশিল্পী বিকাশ পাল জানান, গত বছরের মতো এবারও তিনি দুর্গাপ্রতিমার দুটি সেট তৈরির কাজ হাতে নিয়েছেন। বর্তমানে প্রতিমাগুলোতে রং করার কাজে ব্যস্ত রয়েছেন। খরচ বেড়ে যাওয়ায় আরও প্রতিমা তৈরির ইচ্ছা থাকলেও পর্যাপ্ত অর্ডার না পাওয়ায় তা সম্ভব হয়নি। তাই সীমিত কাজ নিয়েই তাঁকে এগোতে হচ্ছে।
পালপাড়ার জয়মতি পালও মাটির সামগ্রী তৈরিতে ব্যস্ত। তাঁর হাতে তৈরি হচ্ছে মাটির গরু, তাল, ব্যাংক, ঘোড়া ও বিভিন্ন ধরনের প্রতিমাসহ নানা উপকরণ। এসব সামগ্রী তৈরি ও বিক্রির আয়েই চলে তাঁর সংসার।ঐতিহ্য রক্ষায় প্রয়োজন সহযোগিতা।
সেনহাটি পালপাড়ার মৃৎশিল্পীদের কাছে মাটির কাজ কেবল জীবিকা নির্বাহের মাধ্যম নয়, এটি তাঁদের পারিবারিক ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁরা এই শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। তবে কাঁচামাল ও রংয়ের মূল্যবৃদ্ধি, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া এবং পর্যাপ্ত অর্ডারের অভাবে তাঁদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
শিল্পীদের আশঙ্কা, উৎপাদন খরচের তুলনায় পণ্যের ন্যায্য মূল্য না পেলে একসময় এই পেশা ধরে রাখা কঠিন হয়ে পড়বে। তাই মৃৎশিল্পীদের কাজের যথাযথ মূল্যায়ন, ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা এবং ঐতিহ্যবাহী এই শিল্পের প্রসারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তাঁরা। পূজামণ্ডপে নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চান তারা।
এদিকে, দিঘলিয়া উপজেলায় ৬১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন দিঘলিয়া পূজা উদযাপন পরিষদের নেতারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্গোৎসবকে কেন্দ্র করে জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মৃৎশিল্পীদের হাতে গড়া প্রতিমা যখন পূজামণ্ডপে দেবীর আগমনী বার্তা ছড়াবে, তখন সেই সৌন্দর্যের পেছনে থাকবে সেনহাটি পালপাড়ার শিল্পীদের সৃজনশীলতা, নিরলস শ্রম এবং জীবনসংগ্রামের গল্প। তাঁদের প্রত্যাশা, দুর্গোৎসবের আনন্দের পাশাপাশি তাঁদের শিল্প ও জীবিকার দিকেও নজর দেবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


