ঢাকা, ১৭ জুন-২০২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরে ১ হাজার ৩৫ কোটি ৪৫ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। আজ ১৭ জুন (মঙ্গলবার) আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান। গতকাল ১৬ জুন (সোমবার) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বাজেট অনুমোদন দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেটের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৮৮৩ কোটি ৪ লাখ টাকা প্রদান করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উৎস থেকে ৯০ কোটি টাকা আসবে। ফলে ঘাটতি থাকবে ৬২ কোটি ৪১ লাখ টাকা।
বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর বিভিন্ন খাতে তেমন গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। গত বছরের তুলনায় এবার বেতন, ভাতা, তথ্য প্রযুক্তি খাতে বরাদ্দ কিঞ্চিৎ কমেছে। এছাড়া পণ্য ও পরিবহণ, পেনশন, গবেষণা অনুদান, প্রাথমিক স্বাস্থ্যসেবা, যন্ত্রপাতি অনুদানসহ কয়েকটি খাতে বরাদ্দ কিছুটা বেড়েছে।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গবেষণাখাতে ২০ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা সামান্য বাড়িয়ে মাত্র ২১ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা মোট বাজেটের মাত্র ২.০৮ শতাংশ।
গবেষণা খাতের বাজেট নিয়ে কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাজেট প্রণয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়। আমরা এর বাইরে যেতে পারিনা। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যয় বাড়ানোর বিষয়ে তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ আয় বাড়ানোর কোনো সুযোগ নেই। যতদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিক স্বাধীনতা না আসবে, আমরা সরকারের উপর নির্ভরশীল থাকব, ততদিন পর্যন্ত আমাদের কোয়ালিটি বৃদ্ধির সুযোগ থাকবে না।
২০২৫-২৬ অর্থবছরের মোট বাজেটের ২৮.৩৪ শতাংশ তথা ২৯৩ কোটি ৫০ লাখ টাকা বেতন বাবদ, ২০.৮৪ শতাংশ তথা ২১৫ কোটি ৯১ লাখ ৪৩ হাজার টাকা ভাতা বাবদ, পণ্য ও সেবা বাবদ ২৭.৬২ শতাংশ তথা ২৮৫ কোটি ৯৮ লাখ টাকা এবং পেনশন বাবদ ১৩.৪১ শতাংশ তথা ১৩৯ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালক সাইফুল ইসলাম।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


