ঢাকা, ০২ নভেম্বর-২০২৬
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ০২ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ওসমান জামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ, অধ্যাপক আবদুর রাজ্জাকের পুত্র আসিফ আহমেদ এবং ভাস্কর আইভি জামান। ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এ এম কাওসার হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী আয়োজক কমিটির আহ্বায়ক মুকুল কুমার বাড়ৈ।
অধ্যাপক আবদুস সালাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের প্রায় ৭০ বছরের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন ও অধ্যাপক আবদুর রাজ্জাকের হাত ধরে গড়ে ওঠা এই বিভাগ থেকে বহু গুণী শিল্পী ও সৃজনশীল ব্যক্তিত্ব তৈরি হয়েছেন। এ ঐতিহ্য ও সৃজনশীলতার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রদর্শনীতে শিক্ষার্থীদের শিল্পকর্মে অসাধারণ সৃজনশীলতা ও ব্যতিক্রমী চিন্তার প্রতিফলন ঘটেছে। একটি সুন্দর শিল্পভাবনা বাস্তবায়নে আর্থিক সামর্থ্যের চেয়ে সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী শক্তি বেশি গুরুত্বপূর্ণ।
অধ্যাপক সালাম আরও বলেন, ভাস্কর্যের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য, আন্দোলন-সংগ্রাম, শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরা সম্ভব। এ ক্ষেত্রে ভাস্কর্য বিভাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি শিক্ষার্থীদের শিল্পচর্চা ও সৃজনশীলতার এ ধারা এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে পুরস্কারপ্রাপ্তদের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের জন্য উৎসাহিত করেন।
প্রদর্শনীতে বিভিন্ন ক্যাটাগরিতে ছয় শিক্ষার্থী পুরস্কার পেয়েছেন। তারা হলেন—এমএফএ দ্বিতীয় পর্বের শিক্ষার্থী সুপ্রিয় কুমার ঘোষ, বিএফএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. তাফসিরুল ইসলাম, এমএফএ প্রথম পর্বের শিক্ষার্থী সুমিত রায়, বিএফএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফাইজা ফাইরুজ, এমএফএ প্রথম পর্বের শিক্ষার্থী সুইটি আক্তার এবং বিএফএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারহানা আলম ইশা। পুরস্কারপ্রাপ্ত সবাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, শিল্পী এবং সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আগামী ৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দর্শনার্থীদের জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
Related News :

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ


