ঢাকা, ০৯ অক্টোবর-২০২৬
নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চ্যানেল ২৪-এর চট্টগ্রামের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজকে মুঠোফোনে হুমকি দেওয়ার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের ওপর হুমকি, হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৯ অক্টোবর (শুক্রবার) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও ভয়ভীতি প্রদর্শন বন্ধ করা এবং সাংবাদিকদের হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাইফুদ্দিন রমিজের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনটির সাবেক সভাপতি সোহাগ আরেফিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মো. রাজু, সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক শাহীন, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দিন বাবর, তথ্যপ্রযুক্তি সম্পাদক রিদুয়ান হৃদয়, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ইসমাইল ইমন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমেদ ওসমান, সহ-সভাপতি জামাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক গাজী নুরুল হক শাহ এবং সহ-প্রচার সম্পাদক রাসেল সরকারসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের অসংগতি, দুর্নীতি, অনিয়ম ও অপরাধের চিত্র তুলে ধরে জনস্বার্থে কাজ করেন। অথচ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের প্রতিনিয়ত হুমকি, হামলা ও নানামুখী চাপের মুখে পড়তে হচ্ছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করতে ভয়ভীতি প্রদর্শনের এমন অপচেষ্টা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
বক্তারা আরও বলেন, একজন সাংবাদিককে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা মুঠোফোনে হুমকি দেওয়ার ঘটনা শুধু ওই সাংবাদিকের ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয় এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের জানার অধিকারের ওপরও আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের হুমকি দেওয়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাসহ ও হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাংবাদিকদের হুমকি দিয়ে কিংবা হামলা চালিয়ে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। অবিলম্বে এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও ঘোষণা দেন, অতিশিগগিরই অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকদের পক্ষ থেকে ‘মার্চ টু পুলিশ কমিশনার’ কর্মসূচি পালন করা হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হুমকিদাতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মানববন্ধন থেকে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রকাশের পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের ওপর হুমকি-হামলার প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


