ঢাকা, ২৫ জুন ২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চিফ) : শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব ও মৃত্যুহার কমানোর লক্ষ্যে আগামী ২৮ জুন সারাদেশের মতো খুলনাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৪ জুন (বৃহস্পতিবার) খুলনা সিটি কর্পোরেশন ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে পৃথক সংবাদ সম্মেলন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রাতকানা রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, মহানগরীর ৩১টি ওয়ার্ডে মোট ১ লাখ ৮ হাজার ৯৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৩৩৭ জন শিশু নীল রঙের এক লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯৬ হাজার ৬৫৫ জন শিশু লাল রঙের দুই লাখ আইইউ ক্ষমতাসম্পন্ন ক্যাপসুল পাবে। এ কার্যক্রম বাস্তবায়নে ৭১০টি কেন্দ্র, ১ হাজার ৪২০ জন স্বেচ্ছাসেবক এবং ৬২ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।
অপরদিকে একই দিনে নগরীর স্কুল হেলথ ক্লিনিকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন। তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের সুফল সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে এবং শিশুদের নির্ধারিত কেন্দ্রে এনে ক্যাপসুল খাওয়াতে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও জানান, গত চার মাসের মধ্যে যারা ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ করেছে, তাদের এবার ক্যাপসুল দেওয়া হবে না। শিশুকে অবশ্যই ভরা পেটে কেন্দ্রে আনতে হবে এবং নির্ধারিত দিনেই ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম গাজী, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. আকিব উদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ৩ লাখ ২৩ হাজার ৮৫৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ৩৮৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮৪ হাজার ৪৬৮ জন শিশু রয়েছে। এ কার্যক্রম পরিচালনার জন্য জেলার বিভিন্ন স্থানে ১ হাজার ৭৬২টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


