ঢাকা, ১৪ জুন-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণ, ক্যারিয়ার পরিকল্পনা এবং উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (BAUST), খুলনার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের উদ্যোগে দিনব্যাপী সেমিনার ও Admission Fair 2026 অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন (রবিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সেমিনারের প্রথম পর্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কম্পিউটার বিজ্ঞানী ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ। তিনি বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, গবেষণাভিত্তিক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বিশ্বমানের প্রতিযোগিতায় টিকে থাকতে উদ্ভাবনী চিন্তা ও বাস্তবভিত্তিক দক্ষতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
সেমিনারের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত ‘Career Talk’ সেশনে বক্তব্য দেন প্রযুক্তি খাতের সুপরিচিত ব্যক্তিত্ব, সিডিএলের ফিল্ড সিটিও এবং রেভ সিস্টেমসের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা আসমত ইকবাল। তিনি বর্তমান ও ভবিষ্যৎ চাকরির বাজারের চাহিদা, সফটওয়্যার শিল্পে দক্ষতা অর্জনের কৌশল, বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব এবং বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের ধারাবাহিক আত্মউন্নয়ন, কার্যকর যোগাযোগ দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (BIWTA)-এর সাবেক পরিচালক (অব.) মো. জয়নাল আবেদীন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক শিক্ষা গ্রহণের মাধ্যমে দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BAUST খুলনার মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল নিজাম উদ্দিন আহমেদ, AFWC, PSC। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মেজর মো. আহসানুল হাসান, ASC (অব.)-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন অফিসের সামনে Admission Fair 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। BAUST এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল নিজাম উদ্দিন আহমেদ, AFWC,PSC ও আমন্ত্রিত অতিথিবৃন্দ পিতা কেটে মেলার উদ্বোধন করেন। ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের একাডেমিক কার্যক্রম, আধুনিক ল্যাব সুবিধা, গবেষণা কার্যক্রম, স্কলারশিপ ও টিউশন ফি ওয়েভার সুবিধা, ক্যারিয়ার সম্ভাবনা এবং শিক্ষার্থীদের জন্য প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. ইউসুফ আফতাব হোসেন (প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ), অধ্যাপক ড. বাসুদেব চন্দ্র ঘোষ (প্রধান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ), সহযোগী অধ্যাপক মোঃ মেহেদী রহমান রানা (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম, সহযোগী অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী, অভিভাবক ও বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী। এ সময় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া, একাডেমিক পরিবেশ, শিক্ষকবৃন্দের অভিজ্ঞতা, শিক্ষার মান এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়। এছাড়াও নবাগত শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে Education Starter Kit প্রদানের বিষয়টি বিশেষভাবে উপস্থাপন করা হয়।
আয়োজকরা জানান, দক্ষ, নৈতিক ও প্রযুক্তিবান্ধব মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে BAUST Khulna ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক, প্রযুক্তিমুখী এবং ক্যারিয়ার উন্নয়নমূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


