রাজধানীতে চাঁদা না পেয়ে মারধর ও ফাঁকা গুলির ঘটনায় সাইমন চার দিনের রিমান্ডে

ঢাকা, ০২ অক্টোবর-২০২৬

স্টাফ রিপোর্টার : রাজধানীর বাংলামোটর এলাকায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং তা না পেয়ে মারধর ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার ওমর, মোর্শেদ ও মো. শাওনকে তিন দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।

আজ ০২ অক্টোবর (শুক্রবার) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. নাসিম চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। মামলার তদন্ত এগিয়ে নিতে তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত সাইমনের চার দিন এবং অন্য তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার ও পুলিশের আবেদনের তথ্য অনুযায়ী, ০১ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা সোয়া ৭টার দিকে হাতিরঝিল থানার বাংলামোটর এলাকার নিউ ইস্কাটনে একটি বাসার সামনে মো. সোহানের পথরোধ করেন আসামিরা। এ সময় সাইমন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়েছে।সোহান টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইমন পিস্তল বের করে তার বুকের দিকে তাক করে গুলি করার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পিস্তলের বাঁট দিয়ে সোহানের মাথায় আঘাত করা হয়। অন্য আসামিরাও তাকে মারধর করেন। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা সেখান থেকে চলে যান। আহত সোহান কাছের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার পথে সেখানে তার ভগ্নিপতি মো. মোক্তার হোসেন আসেন। কিছুক্ষণ পর সাইমনসহ অন্যরা মোটরসাইকেলে করে সেখানে ফিরে এসে আবারও সোহানকে মারধরের চেষ্টা করেন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে মোক্তার হোসেনকেও মারধর করা হয়।

পুলিশের রিমান্ড আবেদনের তথ্য অনুযায়ী, এ সময় সাইমন পিস্তল দিয়ে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে তাদের ধাওয়া করেন। পরে কয়েকজনকে আটক করা হয়। পালানোর সময় সাইমনও আটক হন। খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। উক্ত ঘটনায় সোহান বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় সাইমন, ওমর, মোর্শেদ ও শাওনকে আসামি করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের সংঘবদ্ধ চাঁদাবাজ ও সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য হিসেবে তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তাদের শনাক্ত করা, পলাতকদের গ্রেপ্তার এবং মামলার অন্যান্য তথ্য সংগ্রহের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে হাতিরঝিল ও কলাবাগান থানায় বিভিন্ন মাদকসংক্রান্ত মামলাও রয়েছে।

Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×