ঢাকা, ১১ অক্টোবর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন দিঘলিয়ার মন্ডল জুট টেক্সটাইল মিলের কলোনি এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর সাত বছর বয়সী শিশু জিসানের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘলিয়া থানা পুলিশ। ঘটনাটি পুরো এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
নিহত জিসান (৭) মন্ডল জুট মিলে কর্মরত আলমগীর হোসেনের ছেলে। তারা মিলের কলোনি এলাকায় বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা যায়, গত ০৯ অক্টোবর বিকেলে জিসান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তিন দিন ধরে পরিবার ও এলাকাবাসী সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। এমনকি স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করেও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
আজ ১১ অক্টোবর (শনিবার) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বাড়িটি মোঃ আব্দুল হান্নান শেখ নামে এক ব্যক্তির, যার ওই এলাকায় একটি মুদি দোকান রয়েছে। ঘটনার পর থেকে তার দোকান বন্ধ এবং বাড়িতে তালা ঝুলতে দেখা যায়।
পুলিশ সূত্রে আরো জানা যায়, খালিশপুর থানা পুলিশ আব্দুল হান্নানের ছেলে ফয়সালকে আটক করে। ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতেই জিসানের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটি বাড়ির এক কোনায় মাটির নিচে পুঁতে রাখা ছিল। শিশুটির দুই হাত পেছনে বাঁধা এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নৌবাহিনী ও দিঘলিয়া থানা পুলিশের সদস্যরা মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়েছে। তবে অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করেনি বলে পরিবার জানিয়েছে। ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


