ঢাকা, ১৫ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় ছিনতাই ও হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই হওয়া নগদ অর্থের একটি অংশ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে পিরোজপুর এলাকা থেকে দেয়াড়া কলোনীর বাসিন্দা মৃত আব্দুল জলিল ব্যাপারীর ছেলে আব্দুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার মা সোনাবান ওরফে লাকী বেগমের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯২ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি অন্য একটি স্থানে লুকিয়ে রাখা একটি একনলা বন্দুক, একটি গুলির খোসা এবং একটি গামছাও জব্দ করে পুলিশ।
আরো পড়ুন : খুলনায় আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্য অনুযায়ী বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও এখনো অন্য কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, গত সোমবার বিকেলে গ্রেফতারকৃত আসামিকে দিঘলিয়া থানায় আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে দিঘলিয়ার দেয়াড়া খেয়াঘাট বাজার এলাকার এক দোকানদার তাহিদুল ইসলাম দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে স্টিমারঘাট সংলগ্ন একটি পাট গুদামের পাশে ছিনতাইয়ের শিকার হন। এ সময় সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে সাগর (২৬) নামে এক ব্যক্তি নিহত হয়। পরে দুর্বৃত্তরা নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও একাধিক মোবাইল ফোনসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় দিঘলিয়া থানায় ছিনতাই ও হত্যা মামলা দায়ের করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনায় ব্যবহৃত অস্ত্র এবং ছিনতাই হওয়া অর্থের আংশিক উদ্ধার হলেও এখনো পুরো অর্থ উদ্ধার সম্ভব হয়নি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামি এবং সম্ভাব্য নেপথ্য সহযোগীদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


