ঢাকা, ১১ জুন-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো প্রধান) : জ্যৈষ্ঠের তীব্র খরতাপে পুড়ছে খুলনার জনজীবন। সকাল থেকেই সূর্য মাঝ আকাশে দাঁড়িয়ে যেন ঢালছে আগুন। শহরের ব্যস্ত রাস্তাগুলোতে নেই একটুও স্বস্তির হাওয়া। কর্মের খোঁজে ঘর থেকে বের হওয়া মানুষগুলো ক্লান্ত, তৃষ্ণার্ত। ছুটছেন ছায়া ও পানির খোঁজে।
এই পরিস্থিতিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নিয়েছে ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ। নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে স্থাপন করা হয়েছে বিশুদ্ধ পানির সরবরাহ ব্যবস্থা। একটি পানির গাড়ির মাধ্যমে কেএমপি’র পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে ফিল্টারকৃত সুপেয় পানি।
ইজিবাইক চালক রহিম শেখ বলেন, ‘সারাদিন রোদে গাড়ি চালাই। অনেক সময় পানি কিনে খাওয়ার টাকাও থাকে না। এখান থেকে পানি খেতে পারছি, বোতলে করে নিয়েও যাই। এটা আমাদের মতো মানুষের জন্য অনেক বড় জিনিস।’ রাজমিস্ত্রী রাজন গাজী বলেন, ‘আমাদের কাজ মাঠে, বিল্ডিংয়ে। রোদে গা ঝলসে যায়। মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হয়। এই পানি না থাকলে কতজন অসুস্থ হয়ে যেত, কে জানে। পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয়।’
ট্রাফিক সার্জেন্ট ওবায়দুল ইসলাম বলেন, ‘আমরা যতটা সম্ভব খেয়াল রাখছি যেন সবাই পরিষ্কারভাবে পানি পান করতে পারে। প্রতিদিন পানি রিফিল করা হয়। রাস্তায় যারা কাজ করেন, তাঁদের জন্য এটি খুবই কার্যকর।’
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বলেন, ‘পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আমরা জনগণের সেবক হিসেবেও কাজ করি। এই গরমে যারা রাস্তায় থাকেন, তাঁদের কথা ভেবেই এই পানির ব্যবস্থা করেছি। এখান থেকে পথিক, ইজিবাইক চালক, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পানি খাচ্ছে। তাদের একটু উপকার হচ্ছে, এটাই আমাদের উদ্দেশ্য।’
নগরবাসীর অনেকেই বলছেন, কেএমপি’র এই উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, বরং অনুকরণীয়। তাঁরা চান, নগরীর আরও গুরুত্বপূর্ণ মোড়ে এমন পানির ব্যবস্থা হোক, যাতে তৃষ্ণার্ত পথচারীরা নিশ্চিন্তে পানি পান করতে পারেন।
আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, গত কয়েকদিন ধরে খুলনায় তীব্র ভ্যাপসা গরম বিরাজ করছে। সূর্যের তেজ বেড়েছে এবং আকাশে মেঘ থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি। ফলে গরমের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে। গতকাল খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, তবে ‘রিয়েল ফিল’ বা অনুভূত তাপমাত্রা ছিল আরও বেশি।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


