ঢাকা, ১১ নভেম্বর-২০২৬
চীফ রিপোর্টার : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষাতেও একই উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
আজ ১১ নভেম্বর (বুধবার) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে। তিনি বলেন, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন। এ সময় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ডাচেস অব এডিনবার্গ তাঁর তিন দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীগণ উপস্থিত ছিলেন।
Related News :

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ আজ

একনেকে ৩৩,২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বন্দরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী



