ঢাকা, ০২ নভেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে সড়কে নামার চেষ্টা করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেওয়ার পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ।
আজ ০২ সোমবার বেলা পৌনে ১১টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকার বিভিন্ন গলি দিয়ে শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ধাওয়া দেয় এবং কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। পরে শ্রমিকেরা সেখান থেকে সরে যান।
রূপনগর এলাকা থেকে বিচ্ছিন্নভাবে দলে দলে শ্রমিকেরা মিরপুর-২ নম্বর স্টেডিয়ামের পাশ দিয়ে প্রশিকা মোড়ের দিকে আসতে থাকেন। তারা সড়কে নামার চেষ্টা করলে বেলা ১১টার দিকে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মিরপুরে পোশাকশ্রমিকদের টানা দুই দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পর আজ (সোমবার) সকাল থেকে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকাল থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর ও আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। গোলচত্বরে দাঙ্গা দমনের যান ও জলকামানসহ বিভিন্ন যানবাহন প্রস্তুত রাখা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম প্রিভেনশন-উত্তর) মহিদুল ইসলাম। তিনি বলেন, মিরপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে কেউ অরাজকতা সৃষ্টি, জননিরাপত্তা বিঘ্নিত কিংবা রাষ্ট্রীয় সম্পত্তি বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মহিদুল ইসলাম বলেন, গতকালের ঘটনায় শুধু শ্রমিকেরাই জড়িত ছিলেন, এমন নয়। তদন্তে শ্রমিকদের পাশাপাশি অন্য অপরাধীদের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইন অমান্য করে দেশের ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল আটটার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। বেলা সোয়া ১১টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে। পরে শ্রমিকেরাও বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। দুপুর পৌনে ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে।
Related News :

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে জামায়াত নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল


