ঢাকা, ১০ সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে আসামির করা আপিল খারিজ করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালকে আইন অনুযায়ী দ্রুত বিচার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের বিচারপতি মো. আতাউল্লাহ ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ Criminal Appeal No. 3534 of 2025-এর শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, অভিযোগকারী মবিনা জান্নাতের সঙ্গে আসামি মো. মোকাদ্দেছ হানিফের পরিচয় ও সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ, ওই প্রতিশ্রুতিতে তাদের মধ্যে একাধিকবার যৌন সম্পর্ক হয়। পরবর্তীতে অভিযোগকারী একটি কন্যাসন্তানের জন্ম দেন এবং আসামি বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/১৩ ধারায় মামলা হয়। পরবর্তী সময়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামি।
হাইকোর্ট পর্যবেক্ষণে বলেন, চার্জ গঠনের পর্যায়ে আদালতকে অভিযোগ ও সংশ্লিষ্ট উপকরণ দেখে আসামির বিরুদ্ধে অপরাধের প্রাথমিক ভিত্তি বা শক্তিশালী সন্দেহ রয়েছে কি না তা বিবেচনা করতে হয়। মামলার অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট বিষয়গুলো মূল বিচারপর্বে সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে নির্ধারিত হবে।
আদালত আরও জানান, তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন দিলেও আদালত বা ট্রাইব্যুনাল মামলার উপকরণ স্বাধীনভাবে মূল্যায়ন করে অভিযোগের ভিত্তি পেলে আইন অনুযায়ী চার্জ গঠন করতে পারেন।
সবকিছু বিবেচনায় হাইকোর্ট আপিলটি খারিজ করে ট্রাইব্যুনালের চার্জ গঠনের আদেশ বহাল রাখেন এবং আইন অনুযায়ী দ্রুত মামলার বিচার সম্পন্ন করার নির্দেশ দেন।
Related News :

তাহসিফ হত্যা মামলায় জেরিকা তাসনিস দিশা চার দিনের রিমান্ডে

পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু : বরখাস্ত এসআই আকবরের মৃত্যুদণ্ড

টঙ্গীতে শিশু যৌন নিপীড়নের মামলায় মাদরাসা শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ

অটোরিকশাচালক হত্যা মামলার রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী দীপু মনি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা এক দিনের রিমান্ডে

গাজীপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান : সন্ত্রাসবিরোধী আইনে আইনজীবীসহ গ্রেপ্তার ৩ জন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা : ১২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড


