ঢাকা, ১৬ আগস্ট-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি, দিঘলিয়া, খুলনার উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে মৎস্য সম্পদ সংরক্ষণ, জলাশয়ের সুষ্ঠু ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্য খাতের সম্ভাবনা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মৎস্য সম্পদ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। মতবিনিময় সভায় মৎস্য সম্পদের বর্তমান অবস্থা, উৎপাদন বৃদ্ধি এবং সংরক্ষণে করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও মানুষের পুষ্টি চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিপুল জনগোষ্ঠীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য খাত দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য অবদান রাখছে।
তারা বলেন, মৎস্য সম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করতে হলে প্রাকৃতিক জলাশয় ও মাছের প্রজনন ক্ষেত্রগুলো রক্ষা করতে হবে। একই সঙ্গে প্রজনন মৌসুমে মাছ শিকার বন্ধ, নিষিদ্ধ জাল ও ক্ষতিকর উপকরণের ব্যবহার প্রতিরোধ এবং জলাশয়ে দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তারা আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ সম্ভব নয়। এ ক্ষেত্রে মৎস্যজীবী, মাছচাষি, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বিশেষ করে নিষিদ্ধ জাল ব্যবহার ও অবাধে মাছ শিকারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।
সভায় জলাশয়ের সুষ্ঠু ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, জলাশয় ভরাট, দখল ও দূষণের কারণে অনেক এলাকায় মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণক্ষেত্র সংকুচিত হচ্ছে। ফলে একদিকে যেমন দেশীয় মাছের বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে প্রাকৃতিকভাবে মাছের উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা প্রকাশ কুমার আইচ, সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ দাস, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও তথ্যসেবা কর্মকর্তা সাইদা খাতুনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির মৎস্যজীবী কমিটির সভাপতিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনায় মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদন, মাছের রোগবালাইঐও নিয়ন্ত্রণ এবং চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশের ছে ভারসাম্য রক্ষা করাও জরুরি। অতিরিক্ত ও অনিয়ন্ত্রিতভাবে মাছ আহরণ করলে ভবিষ্যতে দেশীয় মাছের প্রজাতি ও প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়তে পারে। তাই উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর সমান গুরুত্ব দিতে হবে। সভা থেকে মৎস্য সম্পদ রক্ষায় সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদার, মৎস্যজীবীদের সচেতন করা, নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ সংরক্ষণ এবং জলাশয়ের পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৎস্য সম্পদের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মৎস্য উৎপাদন ও সংরক্ষণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মৎস্য সম্পদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দিঘলিয়াসহ দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং এর সুফল দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


