ঢাকা, ২৭ ডিসেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : ‘দুর্নীতিকে না বলুন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ুন’-এই প্রত্যয়কে সামনে রেখে দুর্নীতিবিরোধী সংগঠন গ্রীণফোর্স বাংলাদেশ-এর উদ্যোগে দুই দিনব্যাপী লিডারশিপ কনফারেন্স-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কনফারেন্সের প্রথম দিনের কার্যক্রম শুরু হয় ২৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন গ্রীণফোর্স বাংলাদেশের সদর দপ্তরে। এতে সংগঠনের বাছাইকৃত ৪০ জন জেলা ও উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন। প্রথম দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন গ্রীণফোর্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিকাইল রহমান।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান শনিবার ২৭ ডিসেম্বর (শনিবার) রাজধানীর এশিয়ান প্যাসিফিক হোটেলের কনফারেন্স রুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠিত হয়। গ্রীণফোর্স বাংলাদেশের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. এস এম হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মিয়া মো. আলী আকবর আজিজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি (ব্রুনাই) রোজামাই আব্দুল্লাহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গ্রীণফোর্স বাংলাদেশের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নুরুজ্জামান চৌধুরী, গ্রীণফোর্স বাংলাদেশের উপদেষ্টা কমোডোর নোমান হোসেন (অব.), এবং সংগঠনের চেয়ারম্যান মিকাইল রহমান।
বক্তারা বলেন, দুর্নীতি একটি মরণব্যাধির মতো ভয়ংকর সামাজিক ভাইরাস, যা রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। ১৮ কোটি মানুষের এই দেশে মাত্র ক্ষমতাধর অল্প কয়েক শতাংশ মানুষ দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে গোটা সমাজকে ক্ষতিগ্রস্ত করছে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতিবাজদের প্রতিহত করতেই হবে। বক্তারা এটিকে একজন মুসলমানের ঈমানি দায়িত্ব হিসেবেও উল্লেখ করেন।
প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনার মিয়া মো. আলী আকবর আজিজী তাঁর কর্মজীবনের স্মৃতিচারণ করে বলেন, বিচারক হিসেবে কর্মজীবনের শুরুতে মাত্র ১ হাজার ৮০০ টাকা বেতনে চাকরি করতেন তিনি। সে সময় অর্থাভাবে সদ্যজাত সন্তানের জন্য দুধ কিনতেও পারেননি, এমনকি তিন বেলা পেট ভরে খাওয়ার সামর্থ্যও ছিল না। কিন্তু সেই কঠিন সময়েও তিনি কখনো ঘুষ বা দুর্নীতির পথে পা বাড়াননি।
তিনি বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘদিন বিচারকের দায়িত্ব পালন করেছেন এবং কখনো দুর্নীতির সঙ্গে আপস করেননি। আজ আল্লাহ তাকে দুর্নীতি দমনের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন বলে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন। কোনো অবস্থাতেই দেশে দুর্নীতি চলতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত হয়েছে। এখন সময় সেই জাগ্রত মানুষদের সামনে এগিয়ে নেওয়া এবং দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়া।
এ সময় তিনি গ্রীণফোর্স বাংলাদেশের জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেখানে নিয়মবহির্ভূত ও আইনবিরোধী কোনো কর্মকাণ্ড দেখবেন, সেটিকে দুর্নীতি হিসেবে চিহ্নিত করে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবেন। প্রয়োজনে তথ্য-উপাত্ত ও প্রমাণসহ দুর্নীতি দমন কমিশনে জানালে কমিশন আপনাদের পাশে থাকবে।
প্রধান বক্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা অবসরপ্রাপ্ত হয়েছি, এখন আর সত্য বলতে ভয় নেই। গ্রীণফোর্সের প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন-আমরা আপনাদের পাশে আছি।’
গ্রীণফোর্স বাংলাদেশের উপদেষ্টা মেজর জেনারেল নুরুজ্জামান চৌধুরী (অব.) বলেন, ‘আমি মেজর জেনারেল থেকে অবসর নিয়েছি, কিন্তু আমার পরিবারে এক টাকার দুর্নীতিও খুঁজে পাবেন না-এটি আমার চ্যালেঞ্জ।’ তিনি বলেন, কৃষক, দিনমজুর, আলেম-ওলামা, ইমাম ও শিক্ষকসহ সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামতে তিনি প্রস্তুত।
গ্রীণফোর্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিকাইল রহমান বলেন, গ্রীণফোর্স বাংলাদেশ একটি অরাজনৈতিক ও অলাভজনক দুর্নীতিবিরোধী সংগঠন। আগামী ছয় মাসের মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ‘দুর্নীতি করা যাবে না, দুর্নীতি চলবে না-যেখানে দুর্নীতি, সেখানেই প্রতিরোধ’ এই বার্তা ছড়িয়ে দিতে সংগঠনটি কাজ শুরু করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সহযোগিতা পেলে আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে-ইনশাআল্লাহ।
Related News :

নিবন্ধন-ফিটনেস সার্টিফিকেট ছাড়া সড়কে কোন ই-রিক্সা চলবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী

বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২১৮

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ : আবেদন পাঠানোর সময়সীমা বাড়ল

নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর

প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা

সফটওয়্যার রক্ষণাবেক্ষণের জন্য ৭ দিন বন্ধ থাকবে অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রমে গতি আনতে চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের তাগিদ


