ঢাকা, ০৮ ফেব্রুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা-৪ আসনের সাধারণ মানুষের প্রত্যাশা, সমস্যা ও ভবিষ্যৎ ভাবনা সরাসরি তুলে ধরার লক্ষ্যে খুলনার দিঘলিয়া উপজেলার পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী গণসংযোগমূলক অনুষ্ঠান ‘জনতার মুখোমুখি’। ০৭ ফেব্রুয়ারি (শনিবার) বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে সরাসরি জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন খুলনা-৪ আসনের (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
শত শত নারী-পুরুষ, তরুণ ও প্রবীণের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলটি এক উন্মুক্ত গণশুনানিতে পরিণত হয়। প্রশ্ন–উত্তরের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের অবহেলিত সমস্যা, রাজনৈতিক বাস্তবতা ও আগামী দিনের প্রত্যাশা উঠে আসে স্পষ্টভাবে। প্রশ্ন–উত্তর পর্বে জনতার প্রশ্ন এবং আজিজুল বারী হেলালের উত্তরগুলি পর্যায়ক্রমে এখানে তুলে ধরা হলো।
জনতার প্রশ্ন ১: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাকরি শেষে সার্ভিস বেনিফিট (গ্র্যাচুইটি, পেনশনসহ) পেতে দীর্ঘদিন ভোগান্তির শিকার হন। আপনি নির্বাচিত হলে এ সমস্যা নিরসনে কী করবেন?
আজিজুল বারী হেলালের উত্তর -প্রাথমিক শিক্ষকরাই জাতির ভিত গড়ে তোলেন। অথচ অবসরের পর তাঁদের ন্যায্য পাওনা পেতে বছরের পর বছর ঘুরতে হয়—এটি অত্যন্ত দুঃখজনক। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সার্ভিস বেনিফিট প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার উদ্যোগ নেব। এ ক্ষেত্রে সংসদে বিষয়টি জোরালোভাবে উত্থাপন করব।
প্রশ্ন ২: দিঘলিয়া উপজেলার পাশ দিয়ে প্রবাহিত ভৈরব নদীর উপর দীর্ঘদিন থেকে ভৈরব সেতুর নির্মাণ কাজ চলছে কিন্তু এখনো তার সমাপ্তি ঘটেনি। এই সেতুটির কাজ দ্রুত নির্মাণ সম্পন্ন করে কবে নাগাদ চালু হবে সেটি জনতা জানতে চায় ।
উত্তর: আপনাদের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে খুব দ্রুততম সময়ে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং চালু হবে। শুধু তাই নয় দ্বিতীয় ভৈরব সেতুও স্বল্পতম সময়ে শুরু করব এবং শেষ করার যাবতীয় পদক্ষেপ গ্রহণ করব। প্রয়োজনে ভৈরব নদীর উপর আরো সেতু নির্মাণ করা হবে।
প্রশ্ন ৩: খুলনা অঞ্চলের বিশেষ করে দিঘলিয়া উপজেলার আশপাশের একাধিক জুটমিল দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক বেকার ও আর্থিক সংকটে পড়েছেন। এ বিষয়ে আপনার পরিকল্পনা কী?
উত্তর: জুটমিল শুধু শিল্প নয়, এটি এ অঞ্চলের অর্থনীতির প্রাণ। মিল বন্ধ থাকায় শ্রমিক পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে। আপনারা জানেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মৃত খুলনা নগরীকে জীবিত খুলনা নগরীতে রূপ দেবেন বলে জোরালো বক্তব্য রেখেছেন। আমরা জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি। জনগণের দুঃখ দুর্দশা লাঘব করাই বিএনপি’র লক্ষ্য। তাই খুলনা অঞ্চলের বন্ধ মিল কলকারখানা পুনরায় চালু করার বলিষ্ঠ ভূমিকা রাখা হবে। আমি নির্বাচিত হলে বন্ধ জুটমিলগুলো চালুর জন্য জোরালো ভূমিকা রাখব। পাশাপাশি বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র শিল্প ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে শ্রমজীবী মানুষের জীবিকা নিশ্চিত করার চেষ্টা করব।
প্রশ্ন ৪: স্বাস্থ্য, খেলাধুলা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আপনি কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন?
উত্তর: দিঘলিয়াসহ প্রত্যন্ত এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া জরুরি। উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোকে কার্যকর করা হবে। পাশাপাশি যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার মাঠ, স্টেডিয়াম ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বাড়ানো হবে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রাস্তা ও সেতু নির্মাণ আমার অগ্রাধিকার থাকবে।
প্রশ্ন ৫: দিঘলিয়া উপজেলা নদীবেষ্টিত হওয়ায় প্রতিবছর নদীভাঙনে বহু মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি বিলীন হয়ে যায়। এ সমস্যা সমাধানে আপনার ভূমিকা কী হবে?
উত্তর: নদীভাঙন দিঘলিয়ার একটি স্থায়ী দুর্যোগে পরিণত হয়েছে। আমি নির্বাচিত হলে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী বাঁধ, নদীশাসন ও টেকসই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করাও আমার দায়িত্ব বলে মনে করি।
প্রশ্ন ৬: ভৈরব নদীর ওপারে ক্রিসেন্ট ও পিপলস জুট মিলের মাঝ দিয়ে চলাচলের পুরোনো রাস্তাটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সেনহাটি ও দিঘলিয়া ইউনিয়নের মানুষকে খুলনায় যেতে অতিরিক্ত দূরত্ব ও খরচ বহন করতে হচ্ছে। এ বিষয়ে আপনার অবস্থান কী?
উত্তর: এটি একটি যৌক্তিক ও মানবিক দাবি। দীর্ঘদিন ধরে রাস্তাটি বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে আছে। আমি নির্বাচিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত রাস্তাটি পুনরায় চালুর উদ্যোগ নেব এবং প্রয়োজনে সংসদে বিষয়টি উত্থাপন করব।
প্রশ্ন ৭: সেনহাটিতে অবস্থিত আলহাজ্ব সারওয়ার খান ডিগ্রি কলেজটিকে সরকারি করার বিষয়ে আপনি কী পদক্ষেপ নেবেন?
উত্তর: শিক্ষা বিস্তারে এ কলেজটির ভূমিকা গুরুত্বপূর্ণ। কলেজটিকে সরকারি করার যৌক্তিকতা রয়েছে। আমি নির্বাচিত হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে কলেজটি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করব।
অনুষ্ঠানে জনতার আরো অনেক প্রশ্ন ছিল সেগুলি আজিজুল বারী হেলাল ধৈর্য ও মনোযোগ সহকারে শোনেন এবং তিনি অত্যন্ত সুন্দর, সাবলীল এবং প্রাঞ্জল ভাষায় সেগুলির উত্তর প্রদান করেন। প্রশ্ন–উত্তরের একপর্যায়ে আজিজুল বারী হেলাল বলেন, ‘এই জনতার মুখোমুখি অনুষ্ঠানই প্রমাণ করে মানুষ কথা বলতে চায়, প্রশ্ন করতে চায়। গণতন্ত্র মানে শুধু ভোট নয়, জবাবদিহিতাও।’
অনুষ্ঠান চলাকালে উপস্থিত জনতা করতালি ও স্লোগানের মাধ্যমে তাঁর বক্তব্যে সমর্থন জানান। অনেকেই এমন উন্মুক্ত প্রশ্নোত্তরভিত্তিক আয়োজনকে সময়োপযোগী ও গণতান্ত্রিক চর্চার দৃষ্টান্ত বলে মন্তব্য করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলা ভিশন টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপিকা সাদিয়া রশ্মি সুচনা।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি’র নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মী, শিক্ষক, সমাজকর্মী, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নাগরিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয়দের অনেকেই মনে করছেন, বক্তৃতানির্ভর রাজনীতির বাইরে এসে এ ধরনের সরাসরি সংলাপ ভোটারদের আস্থা বাড়াতে পারে। একই সঙ্গে এটি ভবিষ্যৎ জনপ্রতিনিধিদের জন্য একটি স্পষ্ট বার্তা দেয়- জনগণের প্রশ্ন উপেক্ষা করার সুযোগ নেই। খুলনা-৪ আসনের এই গণসংলাপ তাই শুধু একটি নির্বাচনী আয়োজন নয়; বরং এটি রাজনৈতিক সংস্কৃতিতে সম্ভাব্য পরিবর্তনের একটি ইঙ্গিত বহন করে বলে মনে করেন বিজ্ঞজনেরা।
‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানটি দিঘলিয়ার রাজনৈতিক অঙ্গনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। সরাসরি প্রশ্ন ও স্পষ্ট উত্তর পাওয়ায় এ এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


