ঢাকা, ১৩ অক্টোবর-২০২৬
তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : দীর্ঘ তিন দশকের বাচিক আন্দোলন ও স্বরচর্চার গৌরবোজ্জ্বল পথচলা উদযাপন করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ঐতিহ্যবাহী আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’। প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে ১২ অক্টোবর (সোমবার) ‘ত্রিংশ’ শীর্ষক বিশেষ আয়োজনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ সংলগ্ন সপ্তম ছায়ামঞ্চে আয়োজিত হয় বিশেষ প্রযোজনা ‘শারদ প্রভা’।
সোমবার সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দশকপূর্তির এই আয়োজনে ধ্বনির নিজস্ব প্রযোজনা ‘শারদ প্রভা’ পরিবেশনের পাশাপাশি সংগঠনটি আয়োজিত দুই মাসব্যাপী ‘আবৃত্তি ও বাক্ উৎকর্ষ’ কর্মশালার ২৬তম আবর্তনের প্রশিক্ষণার্থীদের মাঝে অভিজ্ঞানপত্র (সনদ) প্রদান করা হয়। এছাড়া ক্ষদে শিশুশিল্পীদের সাবলীল পরিবেশনায় মঞ্চস্থ হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাটিকা ‘পুতুলের বিয়ে’।
সংগঠনের সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আঙ্গুর জানান, বাচিক শিল্পের বিকাশ ও শুদ্ধ উচ্চারণের প্রসারে দুই মাসব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছিল। এতে আবৃত্তি, মঞ্চ উপস্থাপনা ও সংবাদ পাঠসহ মোট ৩০টি ভিন্ন ভিন্ন বিষয়ে ১৭ দিন নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণকারী ৩০ জন সফল প্রশিক্ষণার্থীর হাতে আজ আনুষ্ঠানিকভাবে অভিজ্ঞানপত্র তুলে দেওয়া হয়।
সংগঠনের সভাপতি দেবাঞ্জনা দেব বলেন, ‘১২ অক্টোবর ধ্বনি প্রতিষ্ঠার তিন দশক পূর্ণ করল। সূচনা লগ্ন থেকেই ধ্বনি তার শব্দের উচ্চারণে দ্রোহ, প্রেম, সংগ্রাম ও সাম্যের বার্তা ছড়িয়ে আসছে। ২৬তম আবর্তনের নতুন বাচিক শিল্পীদের বরণ ও তিন দশকের স্মৃতিকে উদযাপনের লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন ‘ত্রিংশ’।’
উল্লেখ্য, ১৯৯৬ সালের ১২ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ধ্বনি’ প্রতিষ্ঠিত হয়। প্রমিত উচ্চারণ শিক্ষা, আবৃত্তি চর্চা ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সংগঠনটি গত ৩০ বছর ধরে ক্যাম্পাসে সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা


