ঢাকা, ২৬ নভেম্বর-২০২৫
ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : বাংলাদেশের ঐতিহ্য, স্থাপত্য ও ধর্মীয় ইতিহাসে অনন্য স্থান দখল করে থাকা বাগেরহাট বিশ্বের কাছে পরিচিত ‘মসজিদের শহর’ নামে। সুফি সাধক উলুগ খানজাহান আলীর পরিকল্পনায় ১৫শ শতকে গড়ে ওঠা এই নগরী আজও মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর অমূল্য সাক্ষ্য বহন করছে। তার নির্মিত স্থাপনাগুলোর মধ্যে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ সবচেয়ে সুপরিচিত। কিন্তু দেশের এই অমূল্য সম্পদ বর্তমানে মারাত্মক ক্ষয়ের মুখে। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত দূষণ, অতিরিক্ত লবণাক্ততা ও আর্দ্রতার কারণে মসজিদের দেয়াল, মিহরাব, স্তম্ভ ও গম্বুজে দ্রুত ক্ষয় দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষয়ের গতি এতটাই বেড়েছে যে ঐতিহাসিক এই স্থাপনাটি এখন গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছে।
লবণাক্ততার আঘাতে দুর্বল কাঠামো :
চুনসুরকি, পোড়ামাটির ইট ও বেলে পাথরের সমন্বয়ে নির্মিত ষাটগম্বুজ মসজিদ বর্তমানে নোনা পানির ক্ষতিকর প্রভাবে আক্রান্ত। নিচ থেকে উঠে আসা লবণাক্ত পানি শুকিয়ে ইটের ভেতরে লবণকণা জমে ইটের বন্ধন দুর্বল করে দিচ্ছে। দেয়ালজুড়ে সাদা লবণের স্তর, চুন খসে পড়া, ফাটল এবং মিহরাবের নকশার বিবর্ণতা এখন প্রতিদিনের দৃশ্য। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার ডিসিপ্লিন, ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এবং আইকমসের যৌথ গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা বৃদ্ধি, শিল্প এলাকার দূষণ, বর্ষাকালের আর্দ্রতা এবং ভূগর্ভস্থ লবণাক্ততা—সব মিলিয়ে স্থাপনাটির ক্ষয় আশঙ্কাজনক হারে বাড়ছে।
পরিদর্শনে বিশেষজ্ঞ কমিটি :
ক্ষয়ের ধরণ ও ঝুঁকি চিহ্নিত করতে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সাবেক মহাপরিচালক ড. মো. শফিকুল আলমকে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটির অন্য সদস্যরা হলেন—বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. শেখ মুহাম্মদ নাজমুল ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. বদরুদ্দোজা মিয়া, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রসায়নবিদ মোহাম্মদ আবুল হোসেন এবং খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। গত ১৭ এপ্রিল স্থাপনাটি পরিদর্শন শেষে কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের মিহরাব যেকোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
সিডর-আইলার ক্ষত এখন আরও গভীর :
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ড. মো. শফিকুল আলম বলেন, ‘সিডর ও আইলার সময় সমুদ্রের জলোচ্ছ্বাসের লবণাক্ত পানি ও বায়ুতাড়িত লবণের ছিটা মিহরাবে মারাত্মক প্রভাব ফেলেছিল। সেই ক্ষত আজ আরও তীব্র হয়েছে। দেয়ালের বেশ কিছু অংশে লবণাক্ততার মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়েছে।’ তিনি আরও জানান, মিহরাব ও স্তম্ভগুলো বেলে পাথরের হওয়ায় লবণযুক্ত আর্দ্রতায় দ্রুত ক্ষয় হচ্ছে। নকশার সূক্ষ্মতা হারিয়ে যাচ্ছে। দুই পাশের স্তম্ভে তৈরি হয়েছে ফাঁপা ও শূন্যতা। পাথর ধারণে ব্যবহৃত লোহার ক্ল্যাম্প ও ডাওয়েলগুলোতে জং ধরে সংযোগ দুর্বল হয়ে পড়েছে। ‘Load Bearing Capacity কমে যাওয়ায় যেকোনো সময় মিহরাব ভেঙে পড়তে পারে,’ বলেন তিনি। তার মতে, মিহরাব ধসে পড়লে ইউনেস্কো ষাটগম্বুজ মসজিদকে World Heritage in Danger তালিকাভুক্ত করতে পারে-যা দেশের জাতীয় মর্যাদার জন্য বড় ধাক্কা হবে।
ইউনেস্কো সহায়তায় জরুরি সংরক্ষণ সুপারিশ :
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, ‘ইউনেস্কোর সহায়তায় প্রতিটি দেয়াল, গম্বুজ ও স্তম্ভের পূর্ণাঙ্গ ক্ষয়মানচিত্র তৈরি করা হবে। এরপর আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে দ্রুত সংরক্ষণ কাজ শুরু করা হবে।’ তিনি জানান, ঢাকা ইউনেস্কো অফিসের পরামর্শ অনুযায়ী জরুরি ভিত্তিতে সাময়িক সংরক্ষণ উদ্যোগ শুরু করার কথা বলা হয়েছে। প্রয়োজন হলে বুয়েটের অভিজ্ঞ কাঠামো প্রকৌশলীদের যুক্ত করা হবে। লাভলী ইয়াসমিন আরও বলেন, ‘এই স্থাপনা আন্তর্জাতিক মানের হওয়ায় বেলে পাথর সংরক্ষণে দক্ষ দেশীয় জনবল সীমিত। তাই আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। পাশাপাশি দেশীয় স্থপতি, প্রকৌশলী, রসায়নবিদ ও প্রত্নতত্ত্ববিদদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার সুপারিশ করা হয়েছে- যাতে ভবিষ্যতে অন্যান্য প্রত্নস্থাপনা সংরক্ষণে দেশীয় বিশেষজ্ঞরা সক্ষমতা অর্জন করতে পারেন।’
সংরক্ষণে দেরি হলে বাড়বে ঝুঁকি :
বিশেষজ্ঞ ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের মতে, এখনই দ্রুত সংরক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম শুরু না করলে এই বিশ্ব ঐতিহ্যের মূল কাঠামোও গুরুতর ক্ষতির সম্মুখীন হতে পারে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


