ঢাকা, ১৮ আগস্ট-২০২৫
বিভাগীয় ব্যুরো চীফ : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনাসহ সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১৮ আগস্ট (সোমবার) খুলনার শহীদ হাদিস পার্কে পুকুরে মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হোসেন শওকত। এরপর শহীদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (জেনারেল) মো. হোসেন শওকত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. জাহাঙ্গীর আলম। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা মো. বদরুজ্জামান, খুলনা প্রেস ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, চিংড়ি চাষি মো. আবু হাসান সরদারসহ অন্যান্য অতিথিরা এতে বক্তব্য রাখেন। খুলনা জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রধান অতিথি বলেন, মাছ শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাছের উৎপাদন বৃদ্ধির ফলে জেলে ও মৎস্য চাষিদের আয় বেড়েছে। তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের অনেক জমি এখনও মাছ চাষের জন্য ব্যবহার হয় না। এসব পতিত জমি যদি মাছ চাষের উপযোগী করে তোলা হয় তবে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চাহিদাও পূরণ করা সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, পরিকল্পিত মাছচাষের মাধ্যমে কম জায়গাতেও অধিক উৎপাদন নিশ্চিত করা যায়। মৎস্য খাত জাতীয় উন্নয়নে অব্যাহতভাবে অবদান রাখছে এবং মানুষের জীবনমান উন্নত করছে।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি কর্মকর্তা, মাছচাষি, জেলে, মাছ রপ্তানিকারক এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সফল মাছচাষি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানসহ ছয়জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


