কৃষি জমিতে বিষাক্ত কীটনাশক ব্যবহার বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের

ঢাকা, ২৪ জুন-২০২৫

জেলা প্রতিনিধি : লালমনিরহাটে কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠিত ‘পার্টনার কংগ্রেস-২০২৫’ এ বক্তারা বলেছেন, জমিতে বিষাক্ত কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

২৪ জুন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কংগ্রেসের আয়োজন করে লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লালমনিরহাটের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন।

বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনোনীত দাস এবং অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ.কে.এম ফরিদুল হক। সভাপতিত্ব করেন লালমনিরহাট সদর উপজেলার কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পুষ্টি, বাজার ব্যবস্থাপনা এবং উদ্যোক্তা উন্নয়নেও গুরুত্ব দেয়া হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সাইখুল আরিফিন বলেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের অবদান অনস্বীকার্য। তবে জমিতে বিষাক্ত কীটনাশকের ব্যবহার বন্ধ করতে হবে, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।’ তিনি জানান, দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলায় বাস্তবায়িত পার্টনার প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস)’ মডেলের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের আর্থিক সহায়তায় পরিচালিত এই প্রকল্পটি দেশের কৃষি ও পুষ্টি খাতে একটি টেকসই রূপান্তরের দৃষ্টান্ত হয়ে উঠছে বলে মত দেন অংশগ্রহণকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×