ঢাকা, ১৭ সেপ্টেম্বর-২০২৬
নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহৃত আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অপহরণের পর ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি এবং পরে শিশুটিকে দুই দফায় বিক্রি করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন। এর আগে বুধবার রাতে উখিয়ার বালুরমাঠ পুলিশ ক্যাম্পের সদস্যরা হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন। এ সময় মায়মুনা আক্তার ও তার স্বামী নুরুল আমিনের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, শিশুটিকে নিয়ে যাওয়ার পর রশিদ আলম তৈয়বার মুঠোফোনে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে শিশুটিকে বিক্রি করে দেওয়ার হুমকিও দেন তিনি। পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর শিশুটিকে উদ্ধারের জন্য রশিদ আলমকে ক্যাম্প-২ ওয়েস্টে তৈয়বার শেডে ডেকে আনা হয়। সেখানে তিনি জানান, তার বর্তমান স্ত্রী রুজিনা আক্তারকে সঙ্গে নিয়ে প্রতিবেশী তসলিমা আক্তারের কাছে শিশুটিকে ১৫ হাজার টাকায় বিক্রি করেছেন। পরে তসলিমা ও রুজিনাকেও সেখানে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শিশুটিকে হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকার মায়মুনা আক্তার ও তার স্বামী নুরুল আমিনের কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। পরে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের পরিদর্শক ও অপারেশন কর্মকর্তা সুমন ভক্তের নেতৃত্বে পুলিশ পশ্চিম মরিচ্যায় অভিযান চালিয়ে মায়মুনা ও নুরুল আমিনের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রশিদ আলম (৩০), তার বর্তমান স্ত্রী রুজিনা আক্তার (২৮), তসলিমা আক্তার (২৫), মায়মুনা আক্তার (২৯) ও তার স্বামী নুরুল আমিন (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় কুতুপালং ক্যাম্প-২ ওয়েস্টের বি-২ ব্লকের বাসিন্দা তৈয়বা বেগম তার সাত বছর বয়সী ভাগ্নি রেহেনা ও আট মাস বয়সী ছেলে কাদেরকে নিয়ে কুতুপালং বাজারে যান। বাজারে একটি ওষুধের দোকানের সামনে গেলে তৈয়বার সাবেক স্বামী মো. রশিদ আলম তার কাছ থেকে শিশুটিকে নিয়ে যান বলে অভিযোগ ওঠে।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


