গাজীপুরে ৫ কারখানা বন্ধ : পথে বসেছে আড়াই হাজার শ্রমিক

ঢাকা, ০২ জুলাই-২০২৬

জেলা প্রতিনিধি : গাজীপুরে লিথী গ্রুপের পাঁচটি ইউনিট একযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর ফলে এসব কারখানায় কর্মরত প্রায় আড়াই হাজার শ্রমিক হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েছেন। গ্যাস সংকট, ক্রয়াদেশ কমে যাওয়াসহ বিভিন্ন কারণ দেখিয়ে কারখানাগুলো বন্ধ করা হয়েছে। ০১ জুলাই (বুধবার) থেকে এই বন্ধ কার্যকর করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৩০ জুন) কর্তৃপক্ষ কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেয়। কারখানাটি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত। বুধবার রাত পৌনে ৮টায় কারখানার পরিচালক মনিরুজ্জামান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

লিথী গ্রুপের বন্ধ হওয়া পাঁচটি ইউনিট হলো- অ্যাপারেল-২১ লি., ফমকম ফ্যাশন লি., ফমকম ডাইং লি., ফমকম প্রিন্টিং লি. এবং ফমকম নিটিং লি.। কারখানার পরিচালক জানান, ব্যাংক থেকে সময়মতো সহায়তা পাওয়া যাচ্ছে না। কারখানা বন্ধ হলেও শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়া হয়নি। তবে কারখানা সংশ্লিষ্ট সব বিভাগের কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সবার মতামত ও সমঝোতার ভিত্তিতেই তাদের পাওনা পরিশোধ করে দেয়া হবে বলে জানান তিনি।

কারখানা বন্ধের নোটিশে কর্তৃপক্ষ উল্লেখ করেছে, গ্যাস কানেকশন বন্ধ থাকা, ক্রয়াদেশ কমে যাওয়া, ভবিষ্যতে ক্রয়াদেশের পূর্বাভাস না থাকা, বিগত বছরগুলোতে বারবার অযৌক্তিক শ্রম আন্দোলন হওয়া, পণ্যের বিক্রয় মূল্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়া এবং সময়মতো ব্যাংকিং সহায়তা না পাওয়া—এসব কারণে নিয়মিত কারখানা বিশাল লোকসানের সম্মুখীন হয়ে আসছে। বর্তমানে মালিকের পক্ষে কারখানা পরিচালনা করার মতো আর্থিক সামর্থ্য না থাকার কারণে প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তাই বুধবার (১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হলো। নোটিশে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে কারখানা চালু এবং ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ তৈরি হলে পুরোনো দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেয়া হবে। সংশ্লিষ্ট সব সংস্থা ও কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার সিদ্ধান্ত মোতাবেক বেতন ও পাওনা পরিশোধ করা হবে।

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ বলেন, ‘লিথী গ্রুপের সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় হাজার হাজার শ্রমিক-কর্মচারীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে গেল। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পোশাক শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতের সংকট কাটাতে দ্রুত স্থায়ী সমাধান প্রয়োজন।’ এর আগে গত বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে লিথী গ্রুপের ফমকম ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানার পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শ্রমিকেরা জানান, আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত ৭ জুন থেকে ফমকম ফ্যাশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করে। এর আগে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের মে মাসের বেতন পরিশোধের জন্য ২৩ জুন তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু নির্ধারিত সময়ে তারা বকেয়া বেতন পরিশোধ করতে পারেনি। মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ, কারখানা পুনরায় চালু এবং তাদের সব পাওনা বুঝিয়ে দেয়ার দাবি জানান। দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় চরম আর্থিক সংকটে পড়েছেন শ্রমিকরা। নিয়মিত আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। বকেয়া বেতন না পাওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। সমস্যা সমাধানে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।

গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক প্রকৌশলী এম. এম. মামুন-অর-রশিদ বলেন, ‘শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে টঙ্গীতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের কার্যালয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।’

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×