শিক্ষিত তরুণ রানা দাসের স্মার্ট কৃষিতে সফলতা

ঢাকা, ১৯ মার্চ-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের শিক্ষিত তরুণ রানা দাস স্মার্ট কৃষির মাধ্যমে এলাকায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন। সরকারি মুহসিন কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর প্রচলিত চাকরির পথে না গিয়ে তিনি কৃষিকেই বেছে নিয়েছেন নিজের কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে। আর সেই সিদ্ধান্তই আজ তাকে সফলতার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।

কৃষক পরিবারের সন্তান হওয়ায় ছোটবেলা থেকেই কৃষির প্রতি তার গভীর আগ্রহ ছিল। সেই আগ্রহের সঙ্গে একাডেমিক জ্ঞান ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ২০২৫ সালে তিনি শুরু করেন স্মার্ট কৃষি কার্যক্রম। শুরুতে মালচিং পদ্ধতিতে বেগুন চাষ করে সফলতা পাওয়ার পর তিনি আরও আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদের দিকে এগিয়ে যান। বর্তমানে রানা দাস ১২ শতক জমিতে ‘সাথি প্লাস’ জাতের শসা চাষ করছেন। উন্নত মান, স্বাদ ও ফলনের কারণে এই শসা ইতোমধ্যে স্থানীয় বাজারে ব্যাপক সাড়া ফেলেছে। চাহিদা বৃদ্ধির ফলে এই জাতের শসা এখন অন্যান্য স্মার্ট কৃষকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে।রানা দাস জানান, স্থানীয় এক সফল কৃষকের অনুপ্রেরণায় তিনি এই উদ্যোগ শুরু করেন। প্রথমদিকে নানা সমালোচনার মুখে পড়লেও বর্তমানে তার সাফল্যই সমালোচকদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। তিনি বলেন, বেকার বসে না থেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিকে পেশা হিসেবে গ্রহণ করলে তরুণদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তিনি আরও বলেন, স্মার্ট কৃষিতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সেচ, সার প্রয়োগ এবং রোগবালাই দমন নিশ্চিত করতে পারলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে এই কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান।

রানা দাসের এই উদ্যোগে সহযোগিতা করছে ‘বঙ্গচাষি’র সফল স্মার্ট কৃষি উদ্যোক্তারা। কোনো সমস্যার সম্মুখীন হলে তারা নিয়মিত পরামর্শ দিয়ে পাশে দাঁড়াচ্ছেন। একই সঙ্গে দিঘলিয়া উপজেলা কৃষি বিভাগও তাকে নিয়মিত উৎসাহ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছে। কৃষি কর্মকর্তারা তার খামার পরিদর্শন করে আধুনিক পদ্ধতি প্রয়োগে সহায়তা করছেন, যা তার সফলতাকে আরও ত্বরান্বিত করছে।

স্থানীয়দের মতে, রানা দাসের মতো শিক্ষিত তরুণরা কৃষিতে এগিয়ে এলে একদিকে বেকারত্ব হ্রাস পাবে, অন্যদিকে প্রযুক্তিনির্ভর আধুনিক কৃষির মাধ্যমে দেশের কৃষিখাত আরও সমৃদ্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×