ঢাকা, ৩০ নভেম্বর-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরের মতো মালিবাগ, শান্তিনগর, খিলগাঁও ও শাহজাহানপুরেও সক্রিয় রয়েছে দুর্ধর্ষ ছিনতাইকারী চক্র। অন্য এলাকা থেকে রাতে এসব এলাকায় ঢোকে অটোরিকশা নিয়ে। মাদক সেবনের পর গভীর রাতে নেমে পড়ে রাস্তায়। ধারালো চাপাতি ও সামুরাই দিয়ে কুপিয়ে ছিনিয়ে নেয় সর্বস্ব। সম্প্রতি রাজধানীর মালিবাগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর মালিবাগের প্রথম লেন ধরে হেঁটে যাচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরে আলম অমিত। হঠাৎ ধারালো অস্ত্রের মুখে দুজন তার গতিরোধ করে। সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ও ধস্তাধস্তির একপর্যায়ে চাপাতি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। কিছু বুঝে উঠতে না পেরে ছিনতাইকারীদের পেছনেই ছুটতে থাকেন সেই শিক্ষার্থী। অটোরিকশায় পালিয়ে যায় তারা।
মালিবাগের প্রথম লেনে অসংখ্য গলি। এলাকাবাসী জানান, রাত ১২টার পর এসব গলি হয়ে ওঠে ভয়ঙ্কর। ছিনতাইকারীদের দৌরাত্ম্যে রাস্তায় বের হতে ভয় পান তারা। শুধু মালিবাগেই নয়, শান্তিনগর, শাহজাহানপুর, খিলগাঁওয়েও বেড়েছে এমন ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ছায়া তদন্তে নেমে এলাকার অর্ধশতাধিক সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করে র্যাব-৩। খিলগাঁও ও শাহজাহানপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সুজন ও সাইফুলকে। উদ্ধার করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা।
র্যাব বলছে, ঢাকার বিভিন্ন বস্তিতে ভাসমানভাবে অবস্থান করে এই দুর্ধর্ষ ছিনতাইকারীরা। রাত ১২টার পর নামে মিশনে। ধারালো সামুরাই ও চাপাতির মুখে জিম্মি করে সাধারণ মানুষকে। র্যাব-৩ এর উপ-অধিনায়ক মেজর মো. মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতার সুজন পেশাদার ছিনতাইকারী। সাইফুল তার সহযোগী। সুজনের নামে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ছিনতাই, মাদকসহ চারটি মামলা রয়েছে। ‘নিশাচর’ এই ছিনতাইকারী চক্রের আরও সদস্য এখনো অধরা। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


