ঢাকা, ১২ অক্টোবর-২০২৫
ক্রাইম রিপোর্টার : রাজধানীর গুলশান ও বনানী এলাকায় অবৈধ শিশা বারে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৬ জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের উদ্যোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর সহায়তায় গতকাল গুলশান ও বনানীর ৫টি অবৈধ শিশা বারসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) এর উপ-পরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ১২ অক্টোবর (রবিবার) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনটানা লাউঞ্জ, দ্য সিলভার লাউঞ্জ, সেলসিয়াস, এক্সোটিক এবং ইউনিক রিজেন্সি হোটেলে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে মো. মাসুম বিল্লা (২৮), মো. রাখি (২২), মো. জুলহাস (২৭), রিজোয়ান রোজারীও (৪৫), মো. নাছির উদ্দিন (৪৩) এবং নয়ন হোসেন (২০) নামের ৬ জনকে আটক করা হয়।
অভিযানে তিন কেজি নিষিদ্ধ শিশা, পাঁচটি হুক্কা, দুই লিটার বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার এবং শিশা বিক্রয়ের নগদ ১২ হাজার ৮৭০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা স্বীকার করে, তারা মনটানা লাউঞ্জসহ বিভিন্ন শিশা বারে অবৈধভাবে নিকোটিনযুক্ত শিশা, বিদেশি মদ ও বিয়ার বিক্রি করত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসির কর্মকর্তারা জানিয়েছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ঢাকার অভিজাত এলাকায় কোনো শিশা বার বা মাদকদ্রব্য বিক্রির তথ্য পাওয়া মাত্রই তা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


