ঢাকা, ১১ সেপ্টেম্বর-২০২৬
জেলা প্রতিবেদক : ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা ৩ নদীর পানি দ্রুত বাড়ছে। নদীগুলোর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সদর ও শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতীরবর্তী নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই উপজেলার পাঁচটি ইউনিয়নের ২ হাজার ৯০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। কোথাও কোথাও রাস্তাঘাট, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়ে ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ৯টায় বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। মহানন্দা নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ১২ মিটার নিচ দিয়ে এবং পুনর্ভবা নদীর পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ০৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন জানান, পদ্মা নদীর পানি বাড়ায় উপজেলার নারায়ণপুর ও আলাতুলী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এতে ১ হাজার ১০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় তাৎক্ষণিকভাবে ১১ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং এরই মধ্যে তা বিতরণ শুরু হয়েছে বলে জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন এলাকায় প্রায় ৩৬২ হেক্টর আউশ, আমন ধান ও শাকসবজির জমি পানিতে নিমজ্জিত হয়েছে।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মূসা জঙ্গী জানান, সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ২ হাজার ৯০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে সদর উপজেলার ১ হাজার ১০০ এবং শিবগঞ্জ উপজেলার ১ হাজার ৮০০ পরিবার রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য মোট ২৯ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং তা বিতরণ শুরু হয়েছে। বন্যা পরিস্থিতির বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
Related News :

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে চোরাই ভারতীয় মোবাইল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নওগাঁয় মাদক ও অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

পাবনায় ছাত্রীকে যৌন হয়রানি, মহিলা মাদ্রাসায় আগুন দিলো স্থানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের

পাবনায় মাদকের টাকা না পেয়ে মাকে হত্যা, পাশের বাড়ি থেকে ছেলে আটক


