ঢাকা, ১২ সেপ্টেম্বর-২০২৬
চীফ রিপোর্টার : ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় রোগটি প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে দেশব্যাপী তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ ও ‘নিয়মিত প্রতিদিন জমা পানি ফেলে দিন’—এ দুটি স্লোগান সামনে রেখে এ অভিযান পরিচালিত হবে।
আয়োজকেরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি ও ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), গার্ল গাইড, স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় ২৫ হাজার স্বেচ্ছাসেবী ও কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের ৬৪ জেলার জেলা প্রশাসনের প্রতিনিধিরাও ভার্চ্যুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। ডেঙ্গুর উচ্চঝুঁকির সময় বিবেচনায় নিয়ে ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস এ অভিযান চলবে। সমন্বিতভাবে নগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে অভিযানটি বাস্তবায়ন করা হবে। এতে স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা যুক্ত থাকবেন।
মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলো কার্যক্রম সমন্বয় করবে। জেলা পর্যায়ে জেলা প্রশাসকেরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) কর্মসূচির তদারকি করবেন। পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এ কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবীদের পাশাপাশি স্কাউট, বিএনসিসি, গার্ল গাইড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এছাড়া আরও বক্তব্য দেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ার প্রেক্ষাপটে এ অভিযান শুরু করা হলো। সম্প্রতি সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর এ অভিযান শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।
Related News :

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত


