ঢাকা, ১৯ সেপ্টেম্বর-২০২৬
স্টাফ রিপোর্টার : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানিয়েছেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে এবং একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, আমাদের একাধিক টিম মাঠে নেমেছে এবং আমরা কিছু ক্লু পেয়েছি। আমাদের কাছে একজন ব্যক্তি আছে, জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সুপার আরো বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি সঠিকভাবে খতিয়ে দেখব, তদন্ত করব এবং হত্যাকারীকে না ধরা পর্যন্ত আমরা ননস্টপ এটা নিয়ে কাজ করব।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকায় নিজেদের বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলের সন্ধান না পেয়ে শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সহযোগিতা চেয়ে পোস্ট দেন ড. নাহিদা বেগম। তিনি জানান, তার ছেলে সপ্তম শ্র্রেণির শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পাঞ্জাবি। বিষয়টি থানায়ও জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত অপ্রতিমের মুঠোফোনের অবস্থান কুমিল্লার গন্ধমতী এলাকায় দেখা যাচ্ছিল। এরপর ফোনটির আর কোনো অবস্থান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শনিবার দুপুরে কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
অপ্রতিমের মৃত্যুতে পরিবার, স্বজন ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
Related News :

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র 10th Land Forces Talks (LFT)-2026 এর সফল সমাপ্তি

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হলেন জাবির অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস আজ

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

ঢাকায় ‘ইন্টারন্যাশনাল ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম’ উদ্বোধন

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত

নারীদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আরও ১০০ বাস চালু করা হচ্ছে

চাঁদের বিরল দৃশ্য : ‘হারভেস্ট মুন’ দেখা যাবে আজ দেশের আকাশে


