ঢাকা, ২৬ অক্টোবর-২০২৬
স্টাফ রিপোর্টার : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় অবৈধ হকার উচ্ছেদে বিশেষ কর্মসূচি চালু এবং নাগরিক সেবায় অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।
রাজপথ কোনোভাবেই দখল হতে দেওয়া হবে না। তবে শৃঙ্খলা মেনে চলা হকারদের জন্য মতিঝিলের নৈশকালীন মার্কেটের আদলে বিকল্প ব্যবস্থা গড়ে তোলার সুযোগ দেওয়া হবে।
আজ ২৬ অক্টোবর (সোমবার) রাজধানীর কলাবাগান গ্রিন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, রমনা ও শাহবাগ এলাকার ১৫ থেকে ২১ নম্বর ওয়ার্ডের নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
নগরবাসীর বিভিন্ন সমস্যা সরাসরি শুনে সমাধানের উদ্যোগ নিতে আয়োজিত এ সভায় স্থানীয় বাসিন্দা ও ওয়ার্ড প্রতিনিধিরা জলাবদ্ধতা, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতির অপ্রতুলতা এবং জন্মনিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে ভোগান্তির কথা তুলে ধরেন।
ডিএসসিসি প্রশাসক এসব অভিযোগ ও পরামর্শ শোনেন এবং সভায় উপস্থিত সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের কাছে সমস্যাগুলোর ব্যাখ্যা চান। একই সঙ্গে নাগরিকদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। আব্দুস সালাম বলেন, জলাবদ্ধতা ঢাকা দক্ষিণের অন্যতম প্রধান সমস্যা। দায়িত্ব গ্রহণের আগ থেকেই এ সমস্যা বিদ্যমান। এর সমাধানে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করছে।
নিউমার্কেটসহ আশপাশের এলাকার প্রধান সড়কগুলো থেকে অবৈধ হকার উচ্ছেদে দ্রুত বিশেষ কর্মসূচি চালু করা হবে উল্লেখ করে তিনি বলেন, রাজপথে কাউকে বসতে দেওয়া হবে না। তবে যারা শৃঙ্খলা মেনে ব্যবসা পরিচালনা করবেন, তাদের জন্য মতিঝিলের নৈশকালীন মার্কেটের আদলে বিকল্প ব্যবস্থাপনার সুযোগ দেওয়া হবে।
নাগরিক সেবায় জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে ডিএসসিসি প্রশাসক বলেন, নাগরিকদের সেবা পাওয়া মৌলিক অধিকার। সিটি কর্পোরেশনের যেকোনো পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে গাফিলতি করলে কিংবা নাগরিকদের চাহিদা পূরণে ব্যর্থ হলে তা সরাসরি জানাতে হবে। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনতিবিলম্বে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩


