ঢাকা, ২০ ফেব্রুয়ারি-২০২৬
বিভাগীয় ব্যুরো প্রধান : চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে দুবাই ফেরত এক প্রবাসীর গাড়ি থামিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সর্বস্ব ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাকৃতরা হলেন- রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের নদিমপুর এলাকার মো. সোহেল ওরফে সোহেল রানা (৪০) এবং হাটহাজারীর ইছাপুর বাজারের জুয়েলারি দোকানের কর্মী উত্তম চৌধুরী ওরফে রবি চৌধুরী (৪০)।
শুক্রবার নগরীর দামপাড়া পুলিশ লাইনসের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবি দক্ষিণের উপ-কমিশনার শেখ শরীফুল ইসলাম এসব তথ্য জানান। পুলিশ জানায়, প্রবাসী শফিউল আলম (৩৮) গত ১৪ ফেব্রুয়ারি সকালে দুবাই থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সকাল সাড়ে নয়টার দিকে ভাড়া করা গাড়িতে করে নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় নিজ বাসার উদ্দেশ্যে রওনা দেন। এসময় তার কাছে ছিল ৪টি স্বর্ণের নেকলেস, ১০টি আংটি, ২টি বালা ও ৩টি চেইন- মোট ১০০ গ্রাম স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া ছিল একটি স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা (মূল্য এক লাখ ১৫ হাজার টাকা), একটি ব্যবহৃত গুগল পিক্সেল সিক্স (৪০ হাজার টাকা), একটি ব্যবহৃত আইফোন ফিফটিন প্রো (এক লাখ ৩০ হাজার ৩০০ টাকা), একটি ব্যবহৃত ভিভো ওয়াই সিক্সটিন (১৩ হাজার টাকা) এবং একটি ব্যবহৃত ল্যাপটপ (৫০ হাজার টাকা)। ৩ হাজার ৫শ’ দুবাই দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৯ হাজার টাকা), নগদ ১৩ হাজার টাকা এবং উন্নতমানের কাপড়চোপড় ও খাদ্যসামগ্রী, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
পথে লালখান বাজার এলাকায় ওয়াসিম আকরাম ফ্লাইওভারে একটি নোহা গাড়ি তার গাড়ির গতিরোধ করে। এসময় গাড়ি থেকে নেমে চার ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওয়াকিটকি প্রদর্শন করে তার কাছে থাকা মালামাল জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শফিউল আলম খুলশী থানায় মামলা দায়ের করলে তার সূত্র ধরে ছায়া তদন্তে নামে ডিবি দক্ষিণ।
গোয়েন্দা পুলিশ জানায়, ছায়া তদন্তের এক পর্যায়ে ১৯ ফেব্রুয়ারি দুপুরে কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারীর ইছাপুর বাজারের আমানত শাহ জুয়েলার্সে অভিযান চালিয়ে উত্তম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে স্বর্ণ বিক্রির নগদ ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উত্তম চৌধুরীর তথ্যে হাটহাজারী বাজারের এসএম শপিং সেন্টারের ‘বন্ধু সুন্দর জুয়েলার্স’ থেকে ছিনতাইকৃত ৫ ভরি ১৫ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা বিদেশ ফেরত প্রবাসীদের লক্ষ্য করে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাইসহ তিনটি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছে ডিবি পুলিশ।
Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ


